দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শীতের আমেজ পুরোপুরি আসার আগেই পটুয়াখালীর কলাপাড়ায় শুরু হয়েছে আগাম তরমুজ চাষের প্রস্তুতি। মৌসুমের আগেই বাজারে তরমুজ তুলে ভালো দাম পাওয়ার আশায় জমিতে লাখ লাখ টাকা বিনিয়োগ করছেন কৃষকরা। কেউ জমি প্রস্তুুত করছেন, কেউবা চারা তৈরি আবার কেউ রোপণ ও পরিচর্যায় ব্যস্ত। তবে আগাম তরমুজ চাষে বাধা হয়ে দাড়াচ্ছে বৈরী আবহাওয়া পাশাপাশি রোগবালাই নিয়ে দুশ্চিন্তাও রয়েছে তরমুজ চাষীদের।সবকিছুকে উপেক্ষা করে আাগাম তরমুজ চাষে স্বপ্ন বুনছেন উপকূলের হাজারো কৃষক।
বৃহস্পতিবার(২৬ নভেম্বর) উপজেলার মহিপুর,লালুয়া, লেমুপাড়া,ধানখালি, বালিয়াতলিসহ কয়েকটি এলাকা সরেজমিনে ঘুরে দেখা যায়, আগাম তরমুজ চাষ ঘিরে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। এরই মধ্যে বেশ কিছু জমিতে চারা রোপণ করা হয়েছে। আবার নতুন করে চারা তৈরি ও জমি প্রস্তুতের কাজও চলছে পুরোদমে।আগামী ১০-১৫ দিনের মধ্যে পুরো জায়গা জুড়ে চারা রোপনের কাজ শেষ হবে।

কৃষকরা জানান, এ বছর হারভেস্টার মেশিন দিয়ে ধান কেটেছেন তারা। যার কারণে আগাম তরমুজ চাষ করতে তাদের সহজ হচ্ছে। শ্রমিক সংকটের ভোগান্তিতে পড়তে হচ্ছে না তাদের। একদিকে মেশিন দিয়ে ধান কাটা হচ্ছে, অন্যদিকে পাওয়ার ট্রিলার অথবা ট্রলি দিয়ে তরমুজের বীজ বপনের জন্য জমি প্রস্তুত করছেন চাষিরা। আমন ধান ঘরে তোলার সঙ্গে সঙ্গেই তরমুজ চাষ শুরু করেছেন তারা।
কথা হয় মহিপুর থানার সুধিরপুর এলাকার কৃষক রুবেলের সঙ্গে। তিনি বলেন,আমি ৮ বছর ধরে উপকূলের বিভিন্ন জায়গায় তরমুজ চাষ করে আসছি। এবারও ১০ জনে মিলে ১২ কানি জমিতে আগাম তরমুজ চাষ শুরু করেছি।শুরুতেই টানা বৃষ্টির ধাক্কা খেয়েছি। তারপরও হাল ছাড়িনি।
আগাম ফলন পাওয়ার আশায় ইতোমধ্যে আবারও জমিতে চারা রোপণ করা শুরু করেছি।আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলনের প্রত্যাশা করছেন তিনি।
মহিপুর এসআরবি সমিতি থেকে রুবেলের নেতৃত্বে ৮ লাখ ৬০ হাজার টাকায় জমিটি লিজ নিয়েছেন আগাম ফলন পাওয়ার আশায়। ইতোমধ্যে প্রায় ৩০ হাজার তরমুজের চারা তৈরি করা হয়েছে। আরও চারা তৈরির পরিকল্পনা রয়েছে। কয়েক দিন আগে রোপণ করা চারার মধ্যে বৃষ্টিতে অনেকগুলো নষ্ট হয়ে গেছে। তাই আগামী রোববার থেকে নতুন করে চারা রোপণ শুরু করবেন বলে জানিয়েছেন রুবেলের আরেক সহকারী টুকু মাতব্বর।

তবে আগাম তরমুজ চাষে সম্ভাবনার পাশাপাশি রয়েছে নানা ঝুঁকিও। অতিবৃষ্টি, ঘন কুয়াশা, তাপমাত্রার ওঠানামা ও ছত্রাকজনিত রোগে নষ্ট হতে পারে ক্ষেতের ফসল। বিশেষ করে তরমুজের গোড়া ও ফল পচে গেলে বড় ধরনের লোকসানের আশঙ্কা থাকে। ফলে বাড়তি খরচ করেও ফসল রক্ষা নিয়ে চিন্তিত কৃষকরা।
উপজেলার লেমুপাড়া এলাকার কৃষক আনছার জানান,আগাম তরমুজ চাষে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে যেতে হয়। একটু বৃষ্টি বেশি হলেই জমিতে পানি জমে যায়, আবার কুয়াশা ও আবহাওয়ার তারতম্যে গাছের বৃদ্ধি ব্যাহত হয়। অনেক সময় তরমুজের গোড়া ও ফলে পচন ধরে, তখন বাড়তি খরচ করে ওষুধ দিতে হয়। সবকিছু ঠিকঠাক না থাকলে এত টাকা বিনিয়োগ ও পরিশ্রমের পরও লোকসানের মুখে পড়তে হতে পারে। তারপরও ভালো ফলন ও বাজারে ভালো দাম পাওয়ার আশায় ঝুঁকি নিয়েই চাষাবাদ করছেন তারা।
উপজেলা কৃষি অফিসের তথ্য মতে,এ বছর কলাপাড়া উপজেলার মহিপুর,লালুয়া, লেমুপাড়া,ধানখালি, বালিয়াতলিসহ প্রায় চার হাজার হেক্টর জমিতে তরমুজ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ চাষাবাদের সঙ্গে সম্পৃক্ত থাকবেন প্রায় দুই হাজার কৃষক। ইতোমধ্যে প্রায় ৫০ হেক্টর জমিতে আগাম তরমুজের আবাদ শুরু হয়েছে। কৃষি বিভাগ আশা করছে, হেক্টরপ্রতি প্রায় ২০ টন তরমুজ উৎপাদিত হবে।উপজেলার বিভিন্ন ইউনিয়নের তরমুজ চাষিরা জমিচাষ, মাটি কেটে ঘের করা, বেড তৈরি, ম্যাদা তৈরি ও মাটির সঙ্গে সার মিশিয়ে বীজ বপনে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা।

কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা আরাফাত জানান,তরমুজ চাষ আগাম করার কারণে কৃষকরা বেশি লাভবান হন।চলতি মৌসুমে উপজেলায় চার হাজার হেক্টর জমিতে তরমুজ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর সঙ্গে প্রায় দুই হাজার কৃষক জড়িত থাকবেন। ইতোমধ্যে প্রায় ৫০ হেক্টর জমিতে আগাম তরমুজের চাষ শুরু হয়েছে।
সব মিলিয়ে কলাপাড়ার ১২টি ইউনিয়নের মাঠে এখন তরমুজ চাষ ঘিরে নতুন স্বপ্ন বুনছেন কৃষকরা। তাদের প্রত্যাশা, আবহাওয়া অনুকূলে থাকলে এবং বাজারে ভালো দাম পাওয়া গেলে এ মৌসুমে তরমুজ চাষ থেকে কাঙ্ক্ষিত লাভ ঘরে তুলতে পারবেন। কৃষকদের সেই স্বপ্ন বাস্তবে রূপ নিলে তরমুজের বাম্পার ফলনের পাশাপাশি স্থানীয় কৃষি অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।
সব মিলিয়ে আগাম তরমুজ ঘিরে নতুন করে স্বপ্ন বুনছেন উপকূলের কৃষকরা। অনুকূল আবহাওয়া আর ভালো বাজারদর পেলে সেই স্বপ্ন পূরণ হবে এমন প্রত্যাশা তাদের। প্রকৃতির সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত কতটা সফল হন এসব কৃষক এটাই এখন দেখার বিষয়।
এমজে